মুকসুদপুর থানা ও পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
মুকসুদপুর থানা ও পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ। নয়া দিগন্ত
ads

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে তাণ্ডব। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫টি গাড়িতে আগুন দেয়া হয়।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হন। প্রথমে স্লোগান দেয়ার পর তারা দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে ভাঙচুর চালান। পরে পেট্রোল ও অকটেন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে হামলার আগেই বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা বের হয়ে যান।

অন্যদিকে, মুকসুদপুর থানায় হামলার বিষয়ে স্থানীয় বিএনপির নেতারা জানান, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালানো হয়। পরে থানার ভেতরে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫টি গাড়ি পুড়ে যায়।

অপরদিকে মুকসুদপুর গ্রামীণ ব্যাংকেও ভাঙচুর করে আগুন দেয় হামলাকারীরা।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।