
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালীতে ঢুকে পড়া তিনটি জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের অনুকরণে তৈরি মার্কিন যুক্তরাষ্ট্রের দু’টি লুকাস ড্রোন সফলভাবে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর গণসংযোগ দফতর জানায়, গতরাতে প্রণালীর অননুমোদিত দক্ষিণ পথ দিয়ে যাওয়ার চেষ্টা করা একটি বড় তেলবাহী জাহাজ মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায় এবং থেমে যায়।
আরেকটি সুপারট্যাঙ্কার প্রণালীর পূর্ব দিকের করিডোর দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভয়াবহ আগুনে ঘিরে ফেলে এবং থামতে বাধ্য হয়। আগুন নেভাতে সাহায্য করতে এগিয়ে আসা একটি টাগবোটেও আগুন ধরে যায়।
বিবৃতিতে বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট ‘অনুপ্রবেশকারী’ দু’টি লুকাস-ধরনের চালকবিহীন ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেগুলোকে নিরাপদে নামিয়ে আনে এবং যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে আটক করে।
২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত করে। ওই যুদ্ধ ৪০ দিন চলার পর এপ্রিলের শুরুতে থামে। ইরান এই হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলে আসছে।
১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটন একটি সমঝোতা স্মারক সই করে। এর ৫ নম্বর অনুচ্ছেদে প্রণালী আবার খোলা ও পরিচালনার দায়িত্ব ইরানের হাতে দেয়া হয়েছে।
ইরানের অভিযোগ, ওয়াশিংটন প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে এবং যুদ্ধ-অবসানের চুক্তি লঙ্ঘন করে নৌ-অবরোধ বসিয়েছে। এর জবাবে তেহরান প্রণালীটি সব ধরনের চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে।
বিশ্বের এই গুরুত্বপূর্ণ জ্বালানি পথ বন্ধ থাকায় সারা বিশ্বে জ্বালানির দাম বেড়েছে।
আইআরজিসি বিবৃতিতে বলেছে, ‘মার্কিন সরকার জাহাজগুলোকে নিয়ম লঙ্ঘন করে মাইন-বিছানো পথ দিয়ে চলাচলে উৎসাহিত করছে। ফলে ক্ষতিগ্রস্ত জাহাজের বিপুল বিমা খরচ বহন করতে হচ্ছে মার্কিন করদাতা ও তাদের আঞ্চলিক মিত্রদের।’
তারা আরো বলেছে, ‘মার্কিন সরকারের সামান্য দূরদর্শিতা থাকলে ইরানের আটকে রাখা অর্থ ছেড়ে দিয়ে এই বিপুল খরচ এড়াতে পারত। অথচ সেই অর্থ এ পর্যন্ত হওয়া খরচের অর্ধেকেরও কম। তা না করে তারা ভারী ক্ষতি বহন করছে এবং নির্বাচনে অপমানজনক পরাজয় ভোগ করছে।’
এই সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে আইন ভাঙার চেষ্টা যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতি ও রাজনৈতিক ধাক্কাই বাড়াবে।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








