
হরমুজ প্রণালীতে একটি মার্কিন ড্রোন ধ্বংস করার দাবিকে শুক্রবার (৩০ অক্টোবর) প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব চালকবিহীন সামুদ্রিক ড্রোন অক্ষত ও নিরাপদ রয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালীতে টহলরত উন্নত সামুদ্রিক ড্রোনের একটি স্কোয়াড্রনও অন্তর্ভুক্ত, যা সেন্টকমের প্রতিরক্ষাব্যবস্থাকে সহায়তা করছে।
এর আগে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সামুদ্রিক ড্রোন ধ্বংস করার দাবি করেছিল।
তবে ড্রোনটি কী ধরনের বা কার নিয়ন্ত্রণে ছিল, সে বিষয়ে কিছু জানায়নি তারা।
ইরানের নৌবাহিনী জানায়, ইরান কর্তৃক ‘নিষিদ্ধ’ বলে বিবেচিত এলাকায় প্রবেশের পর মাইনের আঘাতে দু’টি ট্যাঙ্কারে আগুন ধরে যায়।
অন্যদিকে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, অননুমোদিত পথ দিয়ে প্রণালীটি অতিক্রম করার চেষ্টা করায় দু’টি ট্যাঙ্কারকে থামিয়েছে তারা।
হরমুজ প্রণালী বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ। প্রণালীটিতে নৌচলাচলকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এসব ঘটনা ঘটল।
সূত্র : মিডল ইস্ট মনিটর
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








