
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ‘বোমার জননী’ ফেলার হুমকি দিলে পাল্টা ‘ক্ষেপণাস্ত্রের জনক’ ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক সংসদ সদস্য। তিনি বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। এই অবস্থান দৃঢ়ভাবে রক্ষা করবে তেহরান।
তেহরানের নগর পরিষদ থেকে প্রকাশিত ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইন শনিবার (১৭ অক্টোবর) জানায়, দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে এসব কথা বলেন। তাঁর বক্তব্য প্রকাশ করেছে শাফাকনা সংবাদমাধ্যম।
বোরুজেরদি বলেন, ‘প্রথমেই জোর দিয়ে বলতে চাই, হরমুজ প্রণালী নিয়ে আমাদের নীতিতে কোনো পরিস্থিতিতেই পরিবর্তন আসবে না। আমরা দৃঢ়তার সাথে এই প্রণালী রক্ষা করব এবং ট্রাম্পের গলা চেপে ধরব। নিপীড়িত ইরানি জাতির ওপর কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা চাপিয়ে রাখার জবাবও এটি।’
তিনি আরো বলেন, ‘দ্বিতীয়ত, তারা যদি “বোমার জননী” ব্যবহার করতে চায়, তাহলে আমরাও “ক্ষেপণাস্ত্রের জনক” ব্যবহার করব। এমন ক্ষেপণাস্ত্র ছুড়ব, যাতে ইরানের নির্ধারিত সীমা লঙ্ঘনের পরিণাম তাদের বুঝতে হয়।’
ইরানের পার্লামেন্টের এই সদস্য ট্রাম্পকে হঠকারিতা ও বেপরোয়া আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ ইরানের মতো মহান জাতিকে হুমকি না দেয়ার পরামর্শ আমরা ট্রাম্পকে দিচ্ছি। তিনি বহুবার ইরানকে পরীক্ষা করেছেন। এ ধরনের পদক্ষেপের পরিণতি নিশ্চিতভাবেই ট্রাম্প এবং যারা তাঁকে সহায়তা করেছে বা এখনো করছে, সবার জন্য ক্ষতিকর হবে।’
সম্প্রতি নিউজম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কথিত ‘বোমার জননী’ ব্যবহারের হুমকি দিয়ে কথা বলেন। তাঁর দাবি, বিশাল ক্ষমতার এই বোমা ছোট একটি পারমাণবিক বোমার মতো ধ্বংসলীলা চালাতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








