
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সাথে নয় বরং ভারতের সাথে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জাহেদ বলেন, ‘ডিসেম্বর নিয়ে যেহেতু আলোচনা রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরলে তাদের গ্রেফতার করা হবে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। এটা তাদের রুটিন কাজ।’
তিনি বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারত) ওখানে আছেন, যারা শুধু অভিযুক্ত না, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন- কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সাথে নির্ধারিত হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন যে তিনি আসলে অনেক কিছু, তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে।’
ভারতের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটা ওইদিক থেকেও সত্য। আমরা যেমন পাল্টাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের পজিটিভলি এনগেজ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।’
তিনি বলেন, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চাই। হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, হয়তো কোর্টে যাবেন। কোর্টে গিয়ে উনি বলার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি তো আসতেই চান। সুতরাং, তার এখন আর কোর্টে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। সুতরাং তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।
শেখ হাসিনার কথিত মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারকে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করতে বলেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









