পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শামা ওবায়েদ, শেখ হাসিনা, ভারত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ইন্টারনেট
ads

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সাথে সাথে গ্রেফতার করা হবে এবং তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে; এর কোনো ব্যত্যয় ঘটবে না।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

শামা ওবায়েদ ব‌লেন, শেখ হা‌সিনার বিরুদ্ধে অভিযোগ আছে, তি‌নি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে, তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।

তি‌নি ব‌লেন, এই একজন আসামিকে এবং আরো যারা আসামি আছে দণ্ডপ্রাপ্ত তারা যদি আসে, তাদের স‌াথে সাথে গ্রেফতার করা হ‌বে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কো‌নো ব্যত্যয় ঘটবে না।

শামা ওবা‌য়েদ বলেন, এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারো সাথে বাংলাদেশ সরকারের হয়নি।

মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

শেখ হাসিনার কথিত মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারকে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করতে বলেছেন।