ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন কর্মীরা
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন কর্মীরা। সংগৃহীত ছবি

তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনজনই শিশু। শুক্রবার (৯ অক্টোবর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

Advertisement

নগর কর্তৃপক্ষের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে। 

নগর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলার পর স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের মধ্য দিয়ে তল্লাশি ও উদ্ধারকাজ শেষ হয়েছে।

পাঁচ ও ১০ বছর বয়সী দুই কন্যাশিশু এবং ১২ বছর বয়সী এক কিশোরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়ে। তবে উপরের চারটি তলা ধ্বংসস্তূপের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে।

ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান সাংবাদিকদের বলেন, ‘ভবনটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল। সে সময়ের নির্মাণবিধি অনুযায়ী এর বেসমেন্ট, নিচতলা এবং প্রথম ও দ্বিতীয় তলা তৈরি করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে উপরের তলাগুলো নির্মাণ করা হয়।’

দুর্ঘটনাস্থলের আশপাশে বসবাসকারী ৫৫ জনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভবনটির নিচতলায় অবস্থিত একটি দোকানের ব্যবস্থাপক জানিয়েছেন, গত এপ্রিল থেকেই তিনি ভবনটির কাঠামোয় ফাটল দেখতে পেয়েছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর হিসাব অনুযায়ী, ত্রুটিপূর্ণ নির্মাণকাজ বা নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণে ইস্তাম্বুলে প্রায় এক হাজার ২০০টি ভবন ধসে পড়ার ঝুঁকিতে থাকতে পারে।

এর আগে, গত আগস্টে শহরটিতে একটি খালি ভবন ধসে পড়েছিল। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

সূত্র : বাসস