মিস ইউনিভার্স, মুকুট,
মিস ইউনিভার্সের জন্য ৩০০০ হীরার মুকুট!। সংগৃহীত
ads

মিস ইউনিভার্স ২০২৬-এর চূড়ান্ত আসরের রাত যতই ঘনিয়ে আসছে, দর্শকদের চোখ কেবল এবার কার মাথায় মুকুট উঠবে সেদিকেই নয়, বরং খোদ মুকুটটির দিকেও নিবদ্ধ রয়েছে।

সুন্দরী প্রতিযোগিতাটির ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক দৃষ্টিনন্দন নতুন মুকুট উন্মোচন করা হয়েছে। আয়োজকদের মতে, 'মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ীকে ১৮ ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি এক অসাধারণ সূক্ষ্ম গহনার মুকুট পরানো হবে।'

‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের এই মুকুটটি ৩,১৫০টি হীরা দিয়ে সজ্জিত। প্যারিসের বিখ্যাত গহনা নির্মাতা প্রতিষ্ঠান ‘মেইসন ডি’অর’-এর সহযোগিতায় প্রখ্যাত জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলস এটি তৈরি করেছেন।

গত সাড়ে সাত দশক ধরে প্রতিযোগিতাটির বিবর্তনকে প্রতিফলিত করার পাশাপাশি ইতিহাস জুড়ে যেসব নারী মিস ইউনিভার্সকে গড়ে তুলেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই নতুন এই মুকুটের নকশা করা হয়েছে।

মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রোনাল্ড ডে বলেন, 'এ মুকুটটি আমাদের ইতিহাসের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি; তবে তার চেয়েও বড় কথা, এটি সেসব নারীকে উদ্‌যাপন করে যারা আমাদের এই খেতাব ধারণ করেছেন, তাদের গল্প, বিশ্বজুড়ে তাদের প্রভাব এবং আগামী প্রজন্মের সেইসব নারীকে যাঁরা এই ঐতিহ্য বহন করে নিয়ে যাবেন।'

মুকুটটিতে তিনটি বিশেষ হীরা রয়েছে, যা মিস ইউনিভার্সের অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। বাম পাশের হীরাটি সেসব নারীকে সম্মান জানায় যারা সব বাধা ভেঙে অন্যদের পথ দেখিয়েছেন এবং গত ৭৫ বছরে প্রতিযোগিতাটির ঐতিহ্য গড়তে সাহায্য করেছেন। অন্যদিকে, ডান পাশের হীরাটি সেসব নারীকে উদ্‌যাপন করে যারা বর্তমানে অন্যদের অনুপ্রাণিত করে চলেছেন এবং নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনছেন।

কেন্দ্রে থাকা সবচেয়ে উজ্জ্বল ও বড় হীরাটি ভবিষ্যৎ এবং সেসব নারীর প্রতীক যারা এই প্রতিযোগিতার ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। এটি সংস্থাটির আইকনিক তারকার ঠিক নিচে স্থাপন করা হয়েছে, যা প্রতিযোগিতাটির ইতিহাস এবং নতুন যুগের মধ্যে এক সংযোগ স্থাপন করেছে।

প্লাজা লাস আমেরিকাসের ‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’-এ এই মুকুট উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতাটির ইতিহাসের অংশ হওয়া বিশেষ অতিথিদের পাশাপাশি এবারের আসরে অংশগ্রহণকারী প্রতিযোগীরাও উপস্থিত ছিলেন।

সূত্র : গালফ নিউজ