
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মন্তব্য করেছেন মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া’ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে থাকা একটি মামলার (Criminal Appeal 8/2024) দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হকসহ অন্যান্য আইনজীবীরা অংশ নেন। সে সময় আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ওই মামলার শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কাদের মোল্লার ফাঁসি বা ফাঁসির রায়কে ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বলে মন্তব্য করেছেন—এমন অসত্য ও মনগড়া সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে প্রধান বিচারপতি এ ধরনের কোনো মন্তব্য করেননি।
সর্বোচ্চ আদালত সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলে বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি, এ ধরনের সংবাদ পরিবেশন আদালত অবমাননার শামিল উল্লেখ করে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের তথ্যের সঠিকতা যাচাই করার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









