
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে।
গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে।
এসব ঘটনায় মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে হয়।
পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে সারাদেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে কতটি মামলা হয়েছে, তা পুলিশের দেয়া তথ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এসব ঘটনা নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি নাশকতার পরিকল্পনা, সংগঠক ও অর্থায়নের উৎস খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









