কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, মোহাম্মদ ইসমাইল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ময়নাতদন্ত, ঢাকা মেডিক্যালের মর্গ, কারাগারের অসুস্থ হাজতী
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক হাজতীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাজতী মোহাম্মদ ইসমাইল (২৮) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের বাসিন্দা নাস্তার আলীর ছেলে।

হাজতীকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় ইসমাইল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, হাজতী ইসমাইলের নম্বর ছিল ১৫৭/২৬। তবে তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন, তা জানাতে পারেননি এই কারারক্ষী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, লাশটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।