
দৃষ্টিপ্রতিবন্ধীদের দ্বিতীয় এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ফাইনালে ভারতের বিপক্ষে জয়ী ঘোষণা করা হয়েছে দলটিকে। পাকিস্তান দলের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার।
শুক্রবার (২০ নভেম্বর) পাকিস্তান হাইকমিশনের প্রেস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টুর্নামেন্টে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার দল অংশগ্রহণ করে। হাইকমিশনার ইমরান হায়দার সম্মানিত অতিথি হিসেবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠিত হতে পারেনি। পরে পয়েন্টের ভিত্তিতে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিষ্ঠা, প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা ও ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা করেন হাইকমিশনার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ টুর্নামেন্টে পাকিস্তানের শিরোপা জয় দলটির জন্য গর্বের মুহূর্ত। একইসাথে দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক খেলাধুলার প্রসারেও এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









