
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক-সমর্থিত সরকার। যেখানে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার জন্য দেশটিকে দায়ী করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমার সরকার এই রায়কে ‘অন্যায্য’ ও ‘সর্বসম্মত নয়’ বলে আখ্যা দিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘মিয়ানমার নাউ’-এর প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং-এর মুখপাত্র খাইং খাইং সোয়ে জানিয়েছেন, রায়টি পর্যালোচনা করার জন্য সরকারের সময়ের প্রয়োজন।
তিনি বলেন, ‘১৫ জন বিচারকের সবাই এই রায়ের সাথে একমত হননি। নয়জন বিচারক এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন, আর ছয়জন ছিলেন বিপক্ষে। সুতরাং, এটি সর্বসম্মত কোনো সিদ্ধান্ত নয়। আমি বলব, এটি ন্যায্য নয়।’
রায়টির প্রতিক্রিয়ায় খাইং খাইং সোয়ে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের কথাও উল্লেখ করেন।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে দায়ের করা মামলার রায় দিয়েছেন। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এই মামলাটি দায়ের করেছিল।
রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। আদালত মিয়ানমারকে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে।
এদিকে এই রায়টিকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে, কারণ এর মাধ্যমে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই রায়কে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে যখন সামরিক অভিযান শুরু হয়। সেই সময় মিন অং হ্লাইং মিয়ানমারের সামরিক বাহিনীর (স্থানীয়ভাবে যা ‘তাতমাদাউ’ নামে পরিচিত) প্রধান বা কমান্ডার ছিলেন।
এই সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম নাগরিক পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









