ক্যাথলিন সুজা ইসলাম
ক্যাথলিন সুজা ইসলাম। সংগৃহীত
ads

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।

একসময় স্পেনের রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। প্রায় দেড় বছর সৌদি আরবে থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। এরপর প্রথমবার ওমরাহ পালন করেন সুজা। কয়েক মাসের ব্যবধানে আবারো পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করলেন এ ব্রাজিলিয়ান।

সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম সুজার। ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের হয়ে সেন্টারব্যাক পজিশনে খেলেন তিনি। নিজের শহরে নারীদের ফুটবল খেলার সুযোগ সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কলেজ পর্যায়ে ফুটবলেও অংশ নেন।

পড়াশোনা শেষে ইউরোপে পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন সুজা। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি। ইউরোপের অধ্যায় শেষে ২০২৪ সালের আগস্টে আল নাসরের নারী দলে যোগ দেন। পরে ২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরেক ক্লাব আল হিলালের সাথে চুক্তিবদ্ধ হন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সুজার ইসলাম গ্রহণের বিষয়টি সামনে আসে। সে সময় আল নাসর উইমেন দল একটি ভিডিও প্রকাশ করে তার নতুন জীবনের এই অধ্যায়ের কথা জানায়। ভিডিওর ক্যাপশনে তার জন্য স্থিরতা, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়।

শাহাদাহ পাঠের পর প্রথমবার ওমরাহ পালন করেছিলেন সুজা। এবার কয়েক মাস পর আবারো মক্কায় গিয়ে পবিত্র এই ইবাদত সম্পন্ন করলেন তিনি।