রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছা, রিমান্ড
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা। ইন্টারনেট

শিল্পকলা একাডেমির সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে সাকিবুল হাসান (১৯) ও সুজন মিয়াকে  (১৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

রিমান্ড শেষে মঙ্গলবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত রোববার সাকিবুল হাসানের তিন দিন এবং সুজন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) শিল্পকলা একাডেমির সামনের প্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা করেন একদল তরুণ। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে দেখা যায়। সে সময় এক পুলিশ সদস্য তাকে বাধা দেন।

এ ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শাহবাগ থানার এসআই জিয়াউল হক মামলা দায়ের করেন।

সূত্র : বাসস