
এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা বছরের পর বছর চলতে দেয়া হবে না। সরকার শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে কালক্ষেপণ করতে চায় না। যারা প্রচলিত শিক্ষাব্যবস্থায় এগিয়ে যেতে পারবে না, তাদের কারিগরি শিক্ষাব্যবস্থায় নিয়ে যাওয়া হবে।
মঙ্গলবার বগুড়ায় ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যও দেন শিক্ষামন্ত্রী।
পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সরদার মো. কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিকতা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, এর মাধ্যমে একটি প্রজন্মকে নৈতিকভাবে উন্নত করে গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে খেলাধুলা শুরু হয়েছে। মাধ্যমিক পর্যায়েও এ কার্যক্রম চলছে। পাশাপাশি প্রধানমন্ত্রী গোল্ডকাপ আয়োজন করা হচ্ছে। আনন্দমুখর পরিবেশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি করে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্ব দেয়া হচ্ছে।
এর আগে সোমবার রাতে বগুড়া সফরে এসে সার্কিট হাউসে রাত যাপন করেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশ নেয়ার পর তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








