রাহুল গান্ধী
রাহুল গান্ধী। সংগৃহীত ছবি

কংগ্রেসের নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের এসআইআর-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে পিটিশন দায়ের করেছিলেন তাতে কিছু ‘ত্রুটি’ রয়েছে বলে মঙ্গলবার (১৩ অক্টোবর) তা ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত। সেই বিষয়গুলো সংশোধন করে পুনরায় পিটিশন দায়ের করার কথা জানিয়েছে আদালত যাতে তা নিবন্ধিত হতে পারে।

Advertisement

এই প্রসঙ্গে তার আইনজীবী প্রসন্ন এস বলেছেন, ‘এটা একটা স্বাভাবিক ও নিয়মমাফিক প্রক্রিয়া এবং সংশোধিত আবেদনপত্র শিগগিরই রেজিস্ট্রিতে আবার জমা দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘অনেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনপত্রগুলো প্রথমবারে গৃহীত হয় না এবং রেজিস্ট্রি সেগুলোতে প্রয়োজনীয় সংশোধন করিয়ে নেয়।’

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সোমবার ইন্ডিয়া জোটের দলগুলো দিল্লির বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সাথে সাক্ষাতের জন্য সময়ও চাওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে।

কিছু কারণ উল্লেখ করে সাক্ষাতের সেই আবেদনে সাড়া দেননি প্রধান বিচারপতি। তবে তিনি উল্লেখ করেছিলেন, যেকোনো ভারতীয় নাগরিক আদালতের দ্বারস্থ হতে পারেন।

সোমবার সন্ধ্যায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের করেন রাহুল গান্ধী। ওই আবেদনে সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সম্পর্কিত সব সিদ্ধান্তের নথি আদালতে পেশ করতে এবং এসআইআর-এর সিদ্ধান্তগুলো সাংবিধানিক বিধান অনুসারে নেয়া হয়েছিল কি-না, তা খতিয়ে দেখতে অনুরোধ করা হয়েছিল।

আবেদনে এসআইআর-এর ফলস্বরূপ ভোটার তালিকায় করা সংশোধনীগুলো নিরীক্ষা করার জন্য একটা স্বাধীন কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ভারতজুড়ে তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম ও সংশ্লিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশ করার কথা বলা হয়েছে।

কোনো ভোটারের নাম বিনা নোটিশে ভোটার তালিকা থেকে বাদ দেয়া যাবে না এবং এসআইআর-এর ওপর একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আরোপ করতে হবে বলেও ওই আবেদনে উল্লেখ করা হয়েছিল।

সূত্র : বিবিসি