সৌদি আরব, তুরস্ক, হাউছি, হুথি
মোহাম্মদ বিন সালমান ও রজব তাইয়েব এরদোগান। ফাইল ছবি

সৌদি ভূখণ্ডে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। একইসাথে এই ঘটনায় সৌদি আরবের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এই সমর্থন ব্যক্ত করেন বলে তুর্কি প্রেসিডেন্সির কমিউনিকেশন অধিদফতরের এক বিবৃতিতে জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, দুই নেতা এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং সৌদি ভূখণ্ডে চালানো হামলা নিয়ে আলোচনা করেছেন।

এ সময় তুর্কি প্রেসিডেন্ট এই হামলায় হতাহত ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

এরদোগান বিন সালমানকে নিশ্চিত করেছেন যে, তুরস্ক আগামীতেও সৌদি আরবের পাশে থাকবে এবং তুর্কি প্রেসিডেন্টের আশা- সৌদি আরব খুব শিগগিরই এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে।

উল্লেখ্য, গত কয়েক দিনে সৌদি আরবের ভূখণ্ডে একাধিক হামলা চালিয়েছে হাউছিরা, যা গোষ্ঠীটির সাথে দেশটির সঙ্ঘাতের তীব্রতা বৃদ্ধির প্রমাণ।

গত ৫ অক্টোবর থেকে এ পর্যন্ত সৌদি আরবের অন্তত পাঁচটি বিমানবন্দর হাউছিদের হামলার শিকার হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত ও কয়েক শ’ মানুষ আহত হয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি