গ্রেফতার
স্বেচ্ছাসেবক দল-কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রী গ্রেফতার। সংগৃহীত

রাজধানীর পল্টন থানা এলাকায় বেল্লাল নামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

Advertisement

সোমবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যানারে প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে হোটেল ৭১-এর সামনে দিয়ে পল্টন অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শান্তি সমাবেশের নামে একটি অংশ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে এবং লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের ওপর হামলা চালায়।

হামলার একপর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নেমপ্লেটবিহীন পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে। টিয়ারশেলে আক্রান্ত হয়ে বেল্লাল মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ২০২৫ সালের ৮ মে বেল্লাল রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। সূত্র : বাসস