ইউরোপে লড়াই, সম্ভাব্য যুদ্ধ, রিজার্ভ সেনা, প্রস্তুত থাকা,  ব্রিটেন,প্রশিক্ষণ ও সামরিক মহড়া,  প্রতিরক্ষা প্রস্তুতি, জোরদার,
ব্রিটেনের যুদ্ধ- প্রস্তুতি। আনদুলু
ads

সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে কৌশলগত রিজার্ভ বাহিনীর প্রায় ১ লাখ সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু অ্যাজেন্সি জানায়, দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, স্নায়ুযুদ্ধের পর এই প্রথম এত বিপুলসংখ্যক রিজার্ভ সেনাকে চিঠি পাঠানো হলো। চিঠিতে তাদের স্বেচ্ছায় প্রশিক্ষণ ও সামরিক মহড়ায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে।

ব্রিটিশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের সই করা এসব চিঠিতে রিজার্ভ সদস্যদের যোগাযোগের তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি তারা বর্তমানে কোথায় কাজ করছেন এবং কী ধরনের দক্ষতা রয়েছে, সেসব তথ্যও চাওয়া হয়েছে।

এর আগে বুধবার স্কাই নিউজ ও দ্য টাইমস জানায়, ব্রিটিশ বিমানবাহিনী রাতের বেলা বিমানগুলো হ্যাঙ্গারে সরিয়ে নিচ্ছে। পাশাপাশি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে বিমানগুলোকে ড্রোন হামলা থেকে রক্ষার জন্য বিশেষ জাল তৈরির পরিকল্পনা করছে।

ইউক্রেনের সামরিক বাহিনীকে সরঞ্জাম সরবরাহে যুক্ত ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ডের ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছে বলে মঙ্গলবার সতর্ক করেছিল দেশটির গোয়েন্দা সংস্থা এমআই৫ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পরপরই এসব খবর প্রকাশিত হলো।

প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এর আগে বলেছিলেন, আগামী এক হাজার দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যুক্তরাজ্যকে। তার ভাষায়, ‘আমাদের মিত্রদের সাথে যুদ্ধ করার এবং তাতে জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’

এদিকে, সম্প্রতি সাবমেরিনের কার্যক্ষমতা ও প্রস্তুতি বাড়াতে প্রতিরক্ষা খাতে ৮০০ কোটি পাউন্ড (১০৪০ কোটি ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

এর আগে গত মাসে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল রলি ওয়াকার বলেছিলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে জনগণকে ‘ত্যাগ’ স্বীকার করার আহ্বান জানাবেন রাজনৈতিক নেতারা। এ বিষয়ে তাদের প্রস্তুত থাকতে হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এসব খবর প্রকাশিত হলো।