
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে প্রাথমিক শিক্ষার মান বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
এ লক্ষ্যে যোগ্য শিক্ষক নিয়োগ, শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন এবং পাঠ্যক্রম যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি এমনভাবে নেয়া উচিত যেন শিক্ষার্থীদের অন্য কোথাও প্রাইভেট বা কোচিংয়ে পড়তে না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।
এছাড়া কমিটির প্রাথমিক শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সহজতর ও দ্রুততম উপায় বের করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংসদ সদস্য মো: সাদিক রিয়াজ, মো: ইলিয়াস মোল্লা, মো: মোক্তার আলী এবং মাহফুজা হান্নান অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিগত প্রথম বৈঠকের আলোচ্য বিষয়সমূহের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম এবং চলমান নন-ফরমাল এডুকেশন ডেভেলপমেন্ট-এর অগ্রগতি এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)-এর বাস্তবায়ন অগ্রগতি আলোচনা করা হয়।
কমিটি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যেন কোনো অপরাধমূলক কাজে সম্পৃক্ত হতে না পারে, সেজন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।
প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার ক্ষেত্রে অঞ্চলভিত্তিক সকল স্কুলই যেন অন্তর্ভুক্ত থাকে, সে বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
প্রাথমিক শিক্ষা লেভেলে নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক যেনো পদায়ন করা হয়, সে বিষয়ে কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ দেয়।
বৈঠকে কমিটি দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর ন্যাশনাল এডুকেশন পলিসি নির্ধারণের বিষয় সুপারিশ করে।
কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দকৃত বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির নিকট উপস্থাপনের সুপারিশ করে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: দাউদ মিয়া, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতরের প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









