শেখ হাসিনা
শেখ হাসিনা। সংগৃহীত

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানা এলাকায় মো: সিফাত হোসেন (২৬) নামে এক যুবক নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত ব্যুরোকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বাদীপক্ষের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সোমবার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মামলাটি অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একইসাথে আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় এমএস পাওয়ারের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিচ্ছিলেন হাজারো ছাত্র-জনতা। এ সময় পুলিশ গুলি চালালে রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন সিফাত। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় সিফাতের বাবা কামাল হাওলাদার ২০২৪ সালের ১৫ আগস্ট শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি মিরপুর মডেল থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৬ জনকে অভিযুক্ত করে গত ২৮ মে আদালতে অভিযোগপত্র দেন মিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান। বাসস