
পিরোজপুরের কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার (৭১) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আবুল বাশার ওই গ্রামের মরহুম সৈয়জ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে একটি মই লাগিয়ে সুপারি পাড়ছিলেন আবুল বাশার। এ সময় সুপারি গাছের পাশ দিয়ে সেচের কাজে ব্যবহৃত জিআই পাইপের সাথে বিদ্যুতের তার টানা ছিল। সুপারি পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ওই বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সমাজসেবক মীর মিরাজ জানান, সকালে এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও সমবেদনা বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








