আগুনে পুড়ে ছাই মাদরাসার ভবন, চেয়ার-টেবিল ও গুরুত্বপূর্ণ আসবাবপত্র
আগুনে পুড়ে ছাই মাদরাসার ভবন, চেয়ার-টেবিল ও গুরুত্বপূর্ণ আসবাবপত্র। সংগৃহীত
ads

দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ফেনীর দাগনভূঞা উপজেলার উম্মুল মুমিনিন আয়েশা (রা:) মহিলা আলিম মাদরাসার দু’টি টিনসেড ভবন।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এই আগুনের ঘটনা ঘটে। এছাড়া শনিবার দিবাগত রাতে জেলা নির্বাচন অফিস, প্রধান ডাকঘর, সোনাগাজীর সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব ঘটনায় উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়নি।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ জানান, রাত আনুমানিক ২টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার সংলগ্ন উম্মুল মুমিনীন আয়েশা (রা:) মহিলা আলিম মাদরাসার দু’টি টিনশেড ভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে প্রতিষ্ঠানটির চেয়ার-টেবিল ও মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে তিনি আজ রোববার সকালে রাজধানী থেকে ছুটে আসেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আকবর হোসেন এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নাশকতাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান। 

এদিকে একই রাতে শহরতলির মহিপাল ও রামপুর সড়ক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দু’টি মালবোঝাই ট্রাকে আগুন দেয়া হয়। আগুনে ট্রাক দু’টির মালামাল পুড়ে যায়।

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের ট্রাংকরোড এসএসকে সড়কসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া সোনাগাজী উপজেলার মতিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাতে ফেনী জেলা নির্বাচন অফিস ও প্রধান ডাকঘরের ফটকে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে এসব নাশকতা চালানো হয়েছে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। তবে এসব ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, নিষিদ্ধ দলের নাশকতাসহ যেকোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলাবাসী সতর্ক রয়েছে। দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রোববার বিকেলে জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করেছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: সাইফুল ইসলাম বলেন, নাশকতাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। জেলায় যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী সদরে চারটি, বিভিন্ন ইউনিয়নে চারটি ও মহাসড়কে পুলিশের ছয়টি টহল দল সার্বক্ষণিক কাজ করছে।

তিনি আরো বলেন, শহরে সুবিধা করতে না পেরে দুর্বৃত্তরা গ্রামাঞ্চলের জনমানবহীন এলাকায় গিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে কাউকে ছাড় দেয়া হবে না। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।