ডাকসুর ভিপি সাদিক কায়েম
ডাকসুর ভিপি সাদিক কায়েম। সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করতে সরকার নানামুখী অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, সরকারি উন্নয়ন বরাদ্দের কথা বলে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার বাইরে রেখে বিশেষ বরাদ্দ দেয়ার মাধ্যমে বৈষম্য করা হচ্ছে।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে সাদিক কায়েম এসব অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপির চিফ হুইপ নিজ এলাকা বরগুনায় গিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী নির্বাচিত না হলে সংশ্লিষ্ট ইউনিয়নের মানুষ সরকারি উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত হবেন বলে হুমকি দিয়েছেন। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে পছন্দমতো প্রকল্প বাস্তবায়নের জন্য শুধু সরকারি দলের ২০৩ জন সংসদ সদস্যকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বিরোধী দলের সংসদ সদস্য রয়েছেন, এমন এলাকাগুলো এ বরাদ্দের বাইরে রাখা হয়েছে।

সাদিক কায়েম আরো অভিযোগ করেন, সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনের অনির্বাচিত প্রশাসকেরা নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন। এসব কর্মকাণ্ড স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জনমনে নানা আশঙ্কা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, জনগণের করের টাকায় দেশের উন্নয়ন হয়। কোনো রাজনৈতিক দলের অর্থে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয় না। অথচ রাজনৈতিক পছন্দের কারণে জনগণকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করার হুমকি দেওয়া হচ্ছে। তার মতে, এ ধরনের আচরণ ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ।

স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ ওঠার পরও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডাকসুর ভিপি। তিনি অভিযোগ করেন, ভয়ভীতি দেখিয়ে ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার অধিকার খর্ব করার চেষ্টা চললেও নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

বিএনপির সমালোচনা করে সাদিক কায়েম বলেন, জনগণকে দুর্বল মনে করে এবং রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করে দেশ পরিচালনা করলে অতীতে আওয়ামী লীগ সরকারের মতো পরিণতির মুখে পড়তে হতে পারে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা হলে মানুষ তার জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।