
দ্য গার্ডিয়ান
নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একসময় ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই এআইয়ের উন্নয়ন ও ব্যবহারে কঠোর নজরদারি এবং সরকারি নিয়ন্ত্রণ জরুরি। এ আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তিনি বলেছেন, শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানের স্বনিয়ন্ত্রণে এআইয়ের ঝুঁকি মোকাবেলা সম্ভব নয়।
গতকাল রোববার জানায়, যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গেটস। রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, এআইয়ের নিরাপত্তা ও নজরদারির কাঠামো নির্ধারণে আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যুক্ত হতে হবে। এটি বাধ্যতামূলক করতে হবে। গেটস বলেন, এ জন্য প্রযুক্তি শিল্পের কিছু বাড়তি ব্যয় হবে। তবে এতে এআইয়ের উন্নয়ন উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে না।
সাক্ষাৎকারের আরেক অংশে এআইয়ের ভয়াবহ বিপদের কথা তুলে ধরেন তিনি। গেটস বলেন, অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করলে তা এমন ঘটনা ঘটানোর ক্ষমতা রাখে, যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে। অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে সর্বাধুনিক এআইয়ের সম্মিলিত শক্তির মতো ভয়ঙ্কর অস্ত্র আগে কখনো ছিল না।
মানবজাতির ভবিষ্যৎ নিয়ে সাধারণত আশাবাদী হিসেবে পরিচিত গেটস। তবে আগস্টের শেষ দিকে প্রকাশিত প্রায় ছয় হাজার শব্দের এক নিবন্ধে তিনি এআইয়ের ব্যাপক ও প্রাণঘাতী ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন। প্রযুক্তি খাত ও রাজনীতির অনেক বিশিষ্ট ব্যক্তিও সম্প্রতি একই ধরনের উদ্বেগ জানিয়েছেন। তাদের মধ্যে স্যাম অল্টম্যান ও ইলন মাস্কও রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








