
আরটি
শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশ ও পশ্চিমা মিত্রদের জন্য এটি চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে দাবি করে একটি সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন সশরীরে উপস্থিত থেকে এই সামরিক উড্ডয়ন ও পরীক্ষণ তদারকি করেন।
সিউলের সামরিক সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর কোরিয়ার মিসাইল এজেন্সির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই সামরিক চালনায় জাপানের দিক লক্ষ্য করে দু’টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত স্থিরচিত্রে দেখা যায়, একটি সড়কপথে চলাচলকারী লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হচ্ছে, যার ওপরের অংশে হাইপারসনিক গ্লাইড প্রযুক্তির মতো একটি বিশেষ কাঠামো যুক্ত ছিল। পরীক্ষাটির নিখুঁত প্রযুক্তিগত তথ্য পিয়ংইয়ং প্রকাশ্যে না আনলেও দেশের প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে এটিকে অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে কিম জং-উন উল্লেখ করেন, এই সর্বাধুনিক সামরিক প্রযুক্তি দেশের সার্বভৌমত্ব রক্ষায় চূড়ান্ত গ্যারান্টি প্রদান করবে এবং বিরোধীদের জন্য অবিরাম মাথাব্যথার উৎস তৈরি করবে।








