
যশোরের চৌগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠ হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন মাঠ হাকিমপুর গ্রামের আনসার আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
জানা যায়, সোমবার সকালে কামাল হোসেন মাঠের কাজ শেষে সকালের খাবার খেতে বাড়িতে আসেন। তিনি হাত-পা পরিষ্কার করার জন্য বিদ্যুৎচালিত পানির মোটরের সুইচ দেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরিবারের লোকজনের ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, বাড়ির পানির মোটরের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








