
অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। মানুষের পাশাপাশি গবাদিপশু, পোলট্রি ও অন্য প্রাণির ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এসব ওষুধের অপ্রয়োজনীয়, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবনের ফলে বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ঝুঁকি।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) হলো এমন একটি অবস্থা, যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও পরজীবী সময়ের সাথে পরিবর্তিত হয়ে সংশ্লিষ্ট ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা অর্জন করে। ফলে আগের কার্যকর ওষুধ দিয়ে সংক্রমণের চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও জটিল হতে পারে। বিশ্বব্যাপী এ ঝুঁকি মোকাবিলায় প্রতিবছর ১৮ থেকে ২৪ নভেম্বর পালিত হয় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ।
প্রাণিসম্পদ খাতে বাড়ছে ঝুঁকি
প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহার এএমআর বিস্তারের অন্যতম উদ্বেগের কারণ। অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় বা ভেটেরিনারি পরামর্শ ছাড়াই পশু-পাখিকে অ্যান্টিবায়োটিক দেয়া হয়। ভুল মাত্রায় ও নির্ধারিত সময়ের আগে ওষুধ বন্ধ করাও ঝুঁকি বাড়াতে পারে। এ ধরনের ব্যবহারে প্রাণির শরীরে প্রতিরোধী ব্যাকটেরিয়া টিকে থাকার সুযোগ পায়, যা পরে মানুষ ও পরিবেশের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
খামার থেকে মানুষের শরীরে যেভাবে ছড়ায় প্রতিরোধী ব্যাকটেরিয়া
প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে প্রাণীর অন্ত্রে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া টিকে থাকতে ও বংশবিস্তার করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্য অনুযায়ী, প্রাণির শরীরে থাকা সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টর এবং এসকেরিশিয়া কোলাইয়েল (ই. কোলাই) মতো ব্যাকটেরিয়া মানুষের মধ্যেও সংক্রমণ ঘটাতে সক্ষম। জবাই ও গোশত প্রক্রিয়াজাতকরণের সময় এসব জীবাণু গোশতে ছড়িয়ে পড়তে পারে। দূষিত গোশত ঠিকমতো রান্না না করে খাওয়া কিংবা খাবার তৈরির সময় অপরিষ্কার হাত ও সরঞ্জামের মাধ্যমে জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এসব ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হলে সংক্রমণের চিকিৎসা আরো জটিল হয়ে ওঠে।
খাদ্যশৃঙ্খল ছাড়াও রয়েছে বিস্তারের পথ
প্রতিরোধী ব্যাকটেরিয়া শুধু খাদ্যের মাধ্যমে নয়, প্রাণির সরাসরি সংস্পর্শ এবং দূষিত পানি ও পরিবেশের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। যেমন—
সরাসরি সংস্পর্শ : আক্রান্ত প্রাণির সংস্পর্শে খামারি ও পশুপালকরা লাইভস্টক-অ্যাসোসিয়েটেড এমআরএসএ-এর মতো প্রতিরোধী ব্যাকটেরিয়ার ঝুঁকিতে থাকেন।
পানি ও মাটি : প্রাণির মল-মূত্র ও অপরিশোধিত বর্জ্য থেকে ই. কোলাই-এর মতো ব্যাকটেরিয়া ছড়াতে পারে।
বর্জ্য ও দূষিত পরিবেশ : খামারের অপরিশোধিত বর্জ্যপানি ও অপরিচ্ছন্ন পরিবেশ প্রতিরোধী ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায়।
নীরব বৈশ্বিক সঙ্কট হয়ে উঠছে এএমআর
এএমআর এখন আর কেবল ভবিষ্যতের আশঙ্কা নয়; এটি বিশ্বজনস্বাস্থ্যের বড় সঙ্কট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্যাকটেরিয়াজনিত এএমআর-এর সাথে বিশ্বব্যাপী ৪৭ লাখের বেশি মৃত্যুর সম্পর্ক ছিল।
সংস্থাটির ২০২৬ সালের তথ্যপত্রে আরো বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বে পরীক্ষাগারে শনাক্ত হওয়া প্রতি ছয়টি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের প্রায় একটিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের প্রমাণ পাওয়া গেছে। জরুরি পদক্ষেপ না নিলে ২০৫০ সাল নাগাদ এএমআর-এর কারণে মৃত্যুর সংখ্যা তিন কোটি ৯০ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
যার বিশ্ব অর্থনীতিতে বার্ষিক ব্যয় ৩.৪ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হবে, যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাবিত করবে।
এএমআর মোকাবিলায় কেন জরুরি ওয়ান হেলথ
এএমআর মোকাবিলায় শুধু হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থার উদ্যোগ যথেষ্ট নয়। কারণ মানুষ, প্রাণি ও পরিবেশের স্বাস্থ্য পরস্পরের সাথে গভীরভাবে যুক্ত। প্রতিরোধী ব্যাকটেরিয়া সরাসরি প্রাণির সংস্পর্শ, খাদ্য, পানি কিংবা দূষিত পরিবেশের মাধ্যমে মানুষ ও প্রাণির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আবার অপরিশোধিত বর্জ্য, প্রাণির মল ও অব্যবস্থাপনায় ফেলে দেয়া ওষুধের অবশিষ্টাংশ মাটি ও পানিকে দূষিত করতে পারে।
এ কারণেই প্রয়োজন ওয়ান হেলথ বা সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা। চিকিৎসক, ভেটেরিনারিয়ান, প্রাণিস্বাস্থ্যকর্মী, খামারি, পরিবেশবিজ্ঞানী, গবেষক, নীতিনির্ধারক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এএমআর নিয়ন্ত্রণ সম্ভব নয়। মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাণির স্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষাও নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের প্রেক্ষাপটে এএমআর-এর ঝুঁকি
বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব, ক্রমবর্ধমান প্রাণিসম্পদ উৎপাদন, পোলট্রি ও গবাদিপশুর খামারের বিস্তার এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারে অসচেতনতা এএমআর মোকাবিলাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া মানুষের অ্যান্টিবায়োটিক গ্রহণ, প্রাণির ক্ষেত্রে ভেটেরিনারি নির্দেশনা না মেনে ওষুধ প্রয়োগ, খামারের বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতা এবং খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে স্বাস্থ্যবিধির ঘাটতি পরিস্থিতিকে জটিল করতে পারে। তাই মানুষের চিকিৎসা, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশ—তিনটি ক্ষেত্রেই নজরদারি ও সমন্বিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন।
প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ
এএমআর নিয়ন্ত্রণে ব্যক্তি, খামারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে। মানুষের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না এবং নির্ধারিত নিয়ম মেনে ওষুধ ব্যবহার করতে হবে। প্রাণির ক্ষেত্রেও ভেটেরিনারিয়ানের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি খামারে পরিচ্ছন্নতা, জীবাণুনিরাপত্তা, টিকাদান ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সরকারি পর্যায়ে প্রয়োজন অ্যান্টিবায়োটিক ব্যবহারে কার্যকর নজরদারি, রোগ নির্ণয়ের সুযোগ বৃদ্ধি, গবেষণা এবং মানুষ, প্রাণী ও পরিবেশ—সব ক্ষেত্রে এএমআর পর্যবেক্ষণ জোরদার করা।
সচেতনতা থেকে বাস্তব পদক্ষেপ
প্রতি বছর বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ আমাদের মনে করিয়ে দেয়, এএমআর প্রতিরোধ শুধু বিশেষজ্ঞদের দায়িত্ব নয়। পরিবারে ওষুধ ব্যবহারে সচেতনতা, খামারে দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক প্রয়োগ, নিরাপদ খাদ্যাভ্যাস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার মতো দৈনন্দিন কাজও এ লড়াইয়ের অংশ। শুধু আলোচনা বা প্রচারণায় সীমাবদ্ধ না থেকে সচেতনতাকে বাস্তব আচরণে রূপ দিতে হবে। আজকের দায়িত্বশীল সিদ্ধান্তই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর ওষুধের নিশ্চয়তা দিতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









