
বাংলাদেশী বংশোদ্ভূত কাভান সুলিভানের সাফল্যের মুকুটে যোগ হলো নতুন পালক। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৬ সালের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার।
শুধু পুরস্কার জেতাই নয়, সবচেয়ে কম বয়সে এই স্বীকৃতি পাওয়ার রেকর্ডও গড়েছেন কাভান সুলিভান। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতেছেন তিনি। এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হন বর্ষসেরা তরুণ।
তিনটি বিভাগেই সর্বোচ্চ ভোট পেয়েছেন সুলিভান। সব মিলিয়ে তার পক্ষে পড়েছে ৬৫.০৬ শতাংশ ভোট। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ৮০ শতাংশ ও পেশাদার খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোটও পেয়েছেন তিনি।
এই স্বীকৃতির পথে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই সতীর্থকে পেছনে ফেলেছেন সুলিভান। দ্বিতীয় হয়েছেন নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল, তৃতীয় আদ্রি মেহমেতি।
এমএলএসে ২০২০ সাল থেকে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার দেয়া হচ্ছে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেয়া হত বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার।
এবারের মৌসুমে মাঠের পারফরম্যান্সেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সুলিভান। এমএলএসে নিজের প্রথম পূর্ণ মৌসুমে ২৯ ম্যাচ খেলে ৯ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪ গোল। সব মিলিয়ে ২৩ গোলে অবদান রেখে গড়েছেন দু’টি রেকর্ড।
এর আগে এমএলএসে কোনো কিশোর খেলোয়াড় এক মৌসুমে এত গোলে অবদান রাখতে পারেননি। এ ছাড়া টানা ১০ ম্যাচে গোলে অবদান রাখার কীর্তিও গড়েছেন তিনি। কিশোর বয়সী কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এটিও এমএলএসের নতুন রেকর্ড।
গত সেপ্টেম্বরে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন সুলিভান। তখন এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মাসসেরা খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন তিনি। একই মাসে যুক্তরাষ্ট্র জাতীয় দলেও ডাক পান এই তরুণ।
জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মূল একাদশে অভিষেকের পর ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতাও হন।
বাংলাদেশের সাথে সুলিভানের পারিবারিক যোগসূত্রও রয়েছে। বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের দুই ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই তিনি। তাদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বসতি গড়েছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









