ফাঁস, তথ্য, ইউক্রেন, রুশ,  সেনা, আত্মহত্যা,
রুশ সেনাদের একটি দৃশ্য। সংগৃহীত
ads

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ১ হাজারের বেশি সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের গোপন তথ্য বিশ্লেষণ করে এ সংখ্যা পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান মঙ্গলবার (২৪ নভেম্বর) আরো জানায়, দৈনিকটির হাতে আসা তথ্যভান্ডারে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদ রয়েছে। বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের হ্যাকার দল সাইলেন্ট ক্রো এসব তথ্য সংগ্রহ করে। গার্ডিয়ানের বিশ্লেষণে দেখা গেছে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর পর থেকে অন্তত ১ হাজার ৮৭ জন সেনা আত্মহত্যা করেছেন।

এ ছাড়া ইউক্রেনের ভেতরে বা এর কাছাকাছি এলাকায় আরো ৮৮৫ সেনার মৃত্যুর কারণ হিসেবে আগ্নেয়াস্ত্রের গুলিতে আঘাতের কথা লেখা হয়েছে। তবে এসব ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার পেছনে আত্মহত্যার উদ্দেশ্য ছিল কি না, তা উল্লেখ করা হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, এসব মৃত্যুর অনেকগুলোই আত্মহত্যা হতে পারে। গার্ডিয়ানও আলাদাভাবে এমন কয়েকটি ঘটনার সত্যতা পেয়েছে। সব মিলিয়ে আত্মহত্যার সংখ্যা একটি রুশ রেজিমেন্টের সমান।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে আত্মহত্যার ঘটনা বেড়েছে। ওই বছর এ ধরনের মৃত্যু ছিল ৫০টির কিছু বেশি। ২০২৪ সালে তা বেড়ে ২০০ ছাড়ায়। ২০২৫ সালে সংখ্যাটি সর্বোচ্চ ৩৬৫-তে পৌঁছায়। চলতি ২০২৬ সালেও প্রায় ৩০০ আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। বছরের হিসাব এখনো অসম্পূর্ণ। তাই প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।

গার্ডিয়ানের বিশ্লেষণে দেখা গেছে, আত্মহত্যার অন্তত ৬১৪টি ঘটনা ঘটেছে ইউক্রেনের রুশ-অধিকৃত এলাকায় অথবা ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলের ঘটনা বেশি। আরো ১১৩টি মৃত্যুর ঘটনায় স্থান উল্লেখ করা হয়নি।

আত্মহত্যার অর্ধেকের বেশি ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। বিশেষ করে যুদ্ধের সামনের সারিতে এ ধরনের ঘটনা বেশি ঘটেছে। সামরিক শিবির, যুদ্ধক্ষেত্রে সেনা অবস্থানস্থল, প্রশিক্ষণকেন্দ্র ও ব্যক্তিগত বাসায় এসব মৃত্যু হয়েছে। যুদ্ধক্ষেত্রে আত্মহননকারী সেনাদের মধ্যে ১৮ ও ১৯ বছর বয়সী ৪৩ জন তরুণও রয়েছেন।

যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার অন্যান্য এলাকায় আত্মহত্যা করেছেন ২৫ বছরের কম বয়সী ১০৮ সেনা। তাদের মধ্যে বাধ্যতামূলক সামরিক দায়িত্বে থাকা সেনারাও থাকতে পারেন। আনুষ্ঠানিকভাবে এসব সেনাকে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানোর কথা নয়। কিন্তু অনেককে যুদ্ধের চুক্তিতে সই করতে চাপ দেয়া হয়েছে। পরে সেই চুক্তির আওতায় তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

রাশিয়ার সেনাবাহিনীতে আত্মহত্যার পেছনে কয়েকটি কারণ কাজ করছে বলে মনে করেন সামরিক বিশ্লেষকেরা। সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রচণ্ড চাপ, বিপজ্জনক অভিযানে পাঠানোর ভয় এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগ না থাকা এর মধ্যে অন্যতম।

ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রব লি বলেন, সেনাদের সামনের সারিতে যেতে বাধ্য করতে রুশ সামরিক বাহিনী নানা ধরনের চাপ দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে নির্যাতন ও শারীরিক নিপীড়নও চালানো হয়। এমন পরিস্থিতিতে কিছু সেনা আত্মহত্যার পথ বেছে নেবেন, তা অবাক হওয়ার মতো নয়।

রাশিয়ার সরকার সেনাবাহিনীতে আত্মহত্যার কোনো পরিসংখ্যান প্রকাশ করে না। যুদ্ধের হতাহতের সংখ্যাও রাষ্ট্রীয় গোপনীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয়।

রুশ সেনাদের পালিয়ে যেতে সহায়তা করে ইদিতে লেসম নামের একটি সংগঠন। এর মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভ মনে করেন, আত্মহত্যার প্রকৃত সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে অনেক বেশি। তার ভাষায়, ‘আমি বলব, এটি অনেক কম হিসাব। প্রকৃত সংখ্যা অবশ্যই আরো বেশি।’

তার মতে, যুদ্ধের সামনের সারিতে কী ঘটছে, তা বাইরে থেকে খুব কমই জানা যায়। রসস্ট্যাটের পরিসংখ্যানও শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো তথ্যের ওপর নির্ভর করে। অনেক সময় কোনো সেনা আত্মহত্যা করলেও সরকারি নথিতে তাকে বীর হিসেবে দেখানো হয়। এমনকি তার পরিবারকে পদকও দেয়া হতে পারে।

চুভিলিয়ায়েভ ও রব লির ধারণা, যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পর কিংবা ইউক্রেনের ড্রোন এগিয়ে আসতে দেখে যেসব রুশ সেনা আত্মহত্যা করেন, তাদের অধিকাংশের মৃত্যুই যুদ্ধের হতাহত হিসেবে নথিভুক্ত হয়। ফলে আত্মহত্যার প্রকৃত সংখ্যা ধামাচাপা পড়ে বা আড়ালেই থেকে যায়।

এর প্রমাণও পেয়েছে গার্ডিয়ান। ইরকুৎস্ক অঞ্চলের ৬২ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল সের্গেই সাভেনক ২০২২ সালের সেপ্টেম্বরে স্বেচ্ছায় যুদ্ধে যোগ দেন। ২০২৩ সালের জুলাইয়ে অধিকৃত লুহানস্ক অঞ্চলে তাকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। তার স্ত্রী ইয়েলেনাকে কর্মকর্তারা জানান, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু রসস্ট্যাটের আত্মহত্যার তালিকায় তার নাম নেই। সেখানে তার মৃত্যুর কারণ লেখা হয়েছে, হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটে আঘাত লেগেছে। তবে গুলিটি কী উদ্দেশ্যে ছোড়া হয়েছিল, তা উল্লেখ করা হয়নি।

একই ধরনের মৃত্যুর ঘটনা খুঁজে পেয়েছে গার্ডিয়ান ১ হাজার ৩৮ জন সেনার ক্ষেত্রে। এর মধ্যে ৮৮৫ জনের মৃত্যু হয়েছে ইউক্রেন অথবা রাশিয়ার সীমান্তবর্তী কোনো অঞ্চলে।

২০২২ সালের গ্রীষ্মে দোনেৎস্ক অঞ্চলের সলোদকে গ্রামের কাছে মারা যান ২১ বছর বয়সী সেনা আলেকজান্ডার লাজোর। তার পরিবারকে জানানো হয়, তিনি যুদ্ধে নিহত হয়েছেন। সরকারি নথিতেও তার মৃত্যুর কারণ হিসেবে যুদ্ধের সময় আগ্নেয়াস্ত্রের গুলিতে আঘাতের কথা লেখা হয়। কিন্তু তার সাথে একই ইউনিটে কাজ করা দুই সেনা গার্ডিয়ানকে জানান, তিনি আত্মহত্যা করেছিলেন। তাদের একজন বলেন, ‘পুরো ইউনিটকে জানানো হয়েছিল, সে আত্মহত্যা করেছে। হয়তো ইউনিটের ভাবমূর্তি খারাপ হবে বলে বিষয়টি চাপা দেয়া হয়েছিল।’

সেনাদের আত্মহত্যা রুশ সামরিক বাহিনীর ভেতরের সঙ্কটের একমাত্র লক্ষণ নয়। স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের শেষ নাগাদ দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর অভিযোগে ২০ হাজার ৬৬২ জন সেনার বিরুদ্ধে রুশ সামরিক আদালতে মামলা হয়। এর অধিকাংশই অনুমতি ছাড়া কর্মস্থল ছেড়ে যাওয়ার ঘটনা। আইস্টোরিজও তথ্য যাচাই করে দেখেছে, রুশ সশস্ত্র বাহিনীর অন্তত ৪৯ হাজার সদস্যকে পলাতক বা অনুমতি ছাড়া অনুপস্থিত হিসেবে ঘোষণা করা হয়েছে।