
আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়। এদিন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্কের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক লিখিত বার্তায় সম্প্রচারের বিষয়টি জানান।
তিনি বলেন, ‘আগামীকাল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।’
এর আগে রোববার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাফাই সাক্ষ্য দেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত ১৯ নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন এবং সেখান থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার তিনটি অভিযোগে গত ১৭ ডিসেম্বর সাবেক এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রধান কৌঁসুলির কার্যালয়।
শুনানি শেষে ওই দিনই অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ১৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়া হয়।
জিয়াউল আহসান টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৬ আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। একই বছরের ১৬ আগস্ট তাকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









