
ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর তাগিদ ছিল পাকিস্তানের। সেই চাপ সামলে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম জয় তুলে নিয়েছে দলটি। তাতে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে ওঠার আশাও জিইয়ে রাখল পাকিস্তান।
রোববার (৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পাকিস্তান। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। একটি গোল করেন ম্যাককেল আবদুল্লাহ। বাকি দুটি গোল নাজিব উল্লাহর।
ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পাকিস্তান। ম্যাচের দুই মিনিট না পেরোতেই তাদের আক্রমণ সামলাতে গিয়ে বিপদে পড়ে মালদ্বীপ। নিজেদের ডি-বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন ডিফেন্ডার মোহাম্মদ নাঈম।
পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চতুর্থ মিনিটে স্পট কিক থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল্লাহ। এরপর ব্যবধান বাড়াতে খুব বেশি সময় নেয়নি পাকিস্তান। নবম মিনিটে বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন নাজিব উল্লাহ।
২-০ গোলে পিছিয়ে পড়ে চাপে থাকা মালদ্বীপের রক্ষণে আবার ভুল হয় ২৪ মিনিটে। অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলের সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার কোনাকুনি শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন নাজিব।
প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় মালদ্বীপ। বিরতির পর ঘুরে দাঁড়াতে একসাথে তিনটি পরিবর্তন আনেন কোচ। তারকা ফরোয়ার্ড আলী ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে নামিয়েও গোলের দেখা পায়নি দলটি।
৫২ মিনিটে ফেদু ইব্বের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
উল্টো ৭১ মিনিটে বদলি হিসেবে নামা শায়েক দোস্তের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল, তবে তা কাজে লাগাতে পারেননি তিনি। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।
ভারতের বিপক্ষে ৩-২ গোলে হারের পর এই জয়ে স্বস্তি ফিরেছে পাকিস্তান শিবিরে। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল তারা। অন্যদিকে মালদ্বীপের সামনে এখন কঠিন সমীকরণ। আগামী ১১ নভেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে দলটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








