
বর্ণাঢ্য সমাপনী আয়োজন ও প্রাইজমানি বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল তারুণ্যের উন্মাদনায় ভরপুর ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের।
মঙ্গলবার (৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। টানটান উত্তেজনার ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয় করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ফাইনালে ৩-০ গোলের বড় জয়
রোমাঞ্চকর লড়াইয়ে পূর্ণ ফাইনালে মুখোমুখি হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে ৩–০ গোলের নিরঙ্কুশ জয় নিয়ে টুর্নামেন্টের মুকুট পরিধান করে ড্যাফোডিল। শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেও ফাইনালে হেরে রানার্সআপ দল হিসেবে সন্তুষ্ট থাকতে হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে।
অতিথি ও ক্রীড়া ব্যক্তিত্বদের উপস্থিতি
ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো: ইমরুল হাসান
বিশিষ্ট ফুটবল কলামিস্ট, বিশ্লেষক ও ফুটবল এশিয়ার প্যানেল লেখক মো: ইকরামুজ্জামান
সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির
বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন
বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ
বাফুফের নির্বাহী সদস্য মো: জাকির হোসেন
এছাড়া অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত উৎসাহ জোগান।
ট্রফি বিতরণ ও ব্যক্তিগত সম্মাননা
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি ও অর্থপুরস্কার (প্রাইজমানি) তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এছাড়া টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারী খেলোয়াড়দের ব্যক্তিগত ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা:
চ্যাম্পিয়ন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
রানার্স-আপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
ম্যাচসেরা খেলোয়াড়: ইউনুস আবু বকর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা: আক্কাস আলি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: ইউনুস আবু বকর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক: মেহেদি হাসান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার: রাশেদুল ইসলাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস ও ভবিষ্যৎ প্রত্যাশা
বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীরের উদ্যোগে এবং এবিজি স্পোর্টস সিটির আয়োজনে দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি ছিল প্রাণবন্ত। বেসরকারি পর্যায়ে ‘বিশ্ববিদ্যালয় কাপ টুর্নামেন্ট ২০২৬’ আয়োজন করে ক্রীড়াঙ্গনে এক নতুন ইতিহাস সৃষ্টি করল এবিজি স্পোর্টস সিটি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে তরুণ ফুটবল প্রতিভার বিকাশ ঘটানো, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
আয়োজকদের প্রত্যাশা, ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’ দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফুটবল চর্চায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে এবং এই প্ল্যাটফর্ম থেকেই আগামী দিনে জাতীয় দলের উপযোগী দক্ষ ফুটবলার তৈরি হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








