ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
ফুটবলার সান্দ্রো মাজ্জোলা। সংগৃহীত

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। 

Advertisement

ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এক বিবৃতিতে মাজ্জোলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  

মাজ্জোলার মৃত্যুর খবর নিশ্চিত করে নিজেদের ওয়েবসাইটে ইন্টার মিলান জানায়, ‘সান্দ্রো মাজ্জোলা শুধু ইন্টার মিলানের ইতিহাসের অংশ নন। ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। শৈশবে ইন্টারে যোগ দেয়ার পর আর কখনো ক্লাব ছেড়ে যাননি মাজ্জোলা। ইন্টারের আত্মার প্রতিচ্ছবি এই কিংবদন্তি।’

১৭ বছরের পেশাদার ক্যারিয়ারের পুরোটাই ইন্টার মিলানে খেলেছেন মাজ্জোলা। ইন্টার মিলানের হয়ে ৫৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১৫৮টি গোল করেছেন তিনি। 

ক্লাবের হয়ে চারবার লিগ জয়ের সাথে দুইবার ইউরোপিয়ান কাপ ও দুইবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন মাজ্জোলা।

আন্তর্জাতিক অঙ্গনে ইতালির জার্সিতে প্রায় এক যুগ খেলেছেন মাজ্জোলা। দেশের জার্সিতে ১৯৬৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ৭০ ম্যাচ খেলে ২২ গোল করেছেন তিনি। 

১৯৬৮ সালে ইউরো জয়ী এবং ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে রানার্সআপ হওয়া ইতালির দলের সদস্য ছিলেন মাজ্জালো। এছাড়াও ১৯৬৬ ও ১৯৭৪ বিশ্বকাপেও খেলেছেন তিনি।