কর্পোরেট খাতের বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহে গুরুত্বারোপ
চট্টগ্রামে মতবিনিময় সভায় অতিথিদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নয়া দিগন্ত
ads

২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ২০ শতাংশ রিটেইল খাতে এবং ৩৫ শতাংশ এসএমই খাতে বিনিয়োগ করতে হবে। একইসাথে কর্পোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান। পাশাপাশি ভবিষ্যতে কর্পোরেট খাতের বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহের ওপরও গুরুত্ব দেন তিনি।

শুক্রবার বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গবেষক, থিংক ট্যাংক, সাংবাদিক ও ব্যাংকারদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় গভর্নর এসব কথা বলেন।

গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমানোর জন্য উৎপাদন ব্যবস্থা ও বাজারে সরবরাহ ব্যবস্থা ত্বরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চলতি অর্থবছরের মধ্যেই প্রণোদনা প্যাকেজের অর্থ বিনিয়োগের ওপর তিনি গুরুত্বারোপ করেন। 

তিনি আরো বলেন, মুদ্রানীতিকে অধিকতর কার্যকর করার লক্ষ্যে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শক্রমে ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান এবং মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ।

অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। প্রেজেন্টেশনে মুদ্রানীতির ধারণা, প্রক্রিয়া, বিভিন্ন উপকরণ ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়।

সভায় অংশীজনেরা বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রশ্ন উত্থাপন করেন। গভর্নর তাদের বিভিন্ন পরামর্শ ও মতামত নথিভুক্ত করেন এবং উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

মতবিনিময় সভায় বিজিএমইএর সহ-সভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারেন, কিন্তু অনিশ্চয়তা সামাল দিতে পারেন না। বিগত কয়েক বছরে করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মার্কিন-ইরান যুদ্ধসহ বিভিন্ন কারণে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে এবং উৎপাদন ব্যয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম উইমেন চেম্বার সভাপতি আবিদা মোস্তফা বলেন, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো প্রতিবেশী দেশগুলোর মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, বিনিময় হার স্থিতিশীল না হলে বৈদেশিক বিনিয়োগ আসবে না। 

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরীর এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, অপ্রত্যাবাসিত রফতানি আয় ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে বিদেশে বাংলাদেশের দূতাবাস এবং বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। ইতোমধ্যে অনেক দেশে বিভিন্ন ব্যক্তির সম্পদ চিহ্নিত করে জব্দ করা হয়েছে এবং সেগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়া ব্যবসায়ীরা পণ্যের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে ঋণের সুদের হার কমানোর পরামর্শ দেন।