
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে বিএনপি নিজেদের জন্য আত্মঘাতী পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ঐক্যের ফাটল মেরামতের প্রধান দায়িত্ব সরকারের।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন : গোপালগঞ্জে বিজিবি-এসআরবি প্রধানের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে যা বললেন আইজিপি
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ অনেক বিলম্বে এলেও তা ইতিবাচক। তবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনগণের দেয়া বিপুল রায়কে সম্মান জানাতে হবে এবং নিজেদের অতীত ভূমিকা পর্যালোচনা করতে হবে। গণভোটের আগে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছিলেন। তাদের ভূমিকার কারণে এ পক্ষে জনসমর্থন আরো বিস্তৃত হয়েছে। অথচ কিছু ইসলামী রাজনৈতিক সংগঠন যথাযথ বিশ্লেষণ ছাড়াই বিএনপির অবস্থানের সাথে সুর মিলিয়েছে, যা ছিল আত্মঘাতী সিদ্ধান্ত।
আরো পড়ুন : সরকারের পরামর্শে মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর স্থগিত, কিন্তু কেন?
জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখতে জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে মামুনুল হক বলেন, ঐক্য বিনষ্ট হলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সৃষ্ট নতুন সম্ভাবনার অপমৃত্যু ঘটবে। তাই ঐক্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
সরকার ও বিএনপির প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি জানান, বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষার সংগ্রামে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ও বিএনপি ভুল পথে পরিচালিত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একচুলও পিছপা হবেন না। সরকার ব্যর্থ হলে দেশের মানুষ কারো হাতে দেশের ভাগ্য ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আবার নতুন জুলাই আসবে, নতুন সংগ্রাম হবে।
তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ উত্তরণপর্ব অতিক্রম করছে। দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে থাকা কওমি ধারার রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দলটি জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এ অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা, ভারসাম্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।
বন্ধুপ্রতিম ইসলামী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, নীতির প্রশ্নে অটল থাকতে হবে, তবে বক্তব্য ও আচরণে নম্রতা বজায় রাখতে হবে। অন্য সংগঠনের প্রতি কটু ভাষা প্রয়োগ না করে ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। ইসলামী অঙ্গনের বিচ্ছিন্ন শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর ইসলামী শক্তির উত্থানে বাংলাদেশ খেলাফত মজলিসকে ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সল আহমাদ ও মাওলানা এনামুল হক মুসাসহ কেন্দ্রীয় নেতারা।
সম্মেলন পরিচালনা করেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহ। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম ঘোষণাপত্র পাঠ করেন। এতে বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









