রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। নয়া দিগন্ত
ads

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি বিশেষায়িত লরিতে করে চালানটি প্রকল্প এলাকায় নেয়া হয়। প্রকল্পের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত এক চালান ও দ্বিতীয় ইউনিটের জন্য ছয় চালানসহ মোট সাত চালান পারমাণবিক জ্বালানি কেন্দ্রে পৌঁছেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি ও প্রথম ইউনিটের পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরো দু’টি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।

এদিকে, গত ১৭ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে সফলভাবে গ্রিডের সাথে কেন্দ্রটির সংযোগ স্থাপন (সিনক্রোনাইজেশন) করা হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার ঘটনায় ঈশ্বরদীসহ স্থানীয় মানুষের মধ্যে নতুন আশা ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সংযোগকে দেশের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ ঘটনাকে দেশের জ্বালানি খাতের ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করে জানান, এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় স্থান করে নিয়েছে।

মন্ত্রী আরো জানান, পরবর্তী কারিগরি পরীক্ষার প্রয়োজনে কেন্দ্রটিকে সাময়িকভাবে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হবে।

চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তী সময়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) অপারেটিং অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম শুরু করবে।

রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দু’টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। দু’টি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

সংশ্লিষ্টদের আশা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ উৎপাদনে গেলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।