ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক
ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে পুতিন, শি জিনপিং ও ট্রাম্প। সংগৃহীত ছবি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে চারটি বিষয়ের ওপর আলোকপাত করেছেন। তার মতে, এগুলো বিশ্বশান্তি বজায় রাখতে সহায়তা করবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক করেন।

এ সময় শি বলেন, বৃহৎ শক্তিধর দেশগুলোর উচিত পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতা এবং সংলাপ ও আলোচনার নীতি মেনে চলা।

তিনি আরো বলেন, দেশগুলোর উচিত একে অপরের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করা, নিজ নিজ পছন্দ অনুযায়ী সামাজিক ব্যবস্থা ও উন্নয়নের পথকে শ্রদ্ধা জানানো এবং একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়গুলোকে গুরুত্ব দেয়া।

শি বলেন, কোনো দেশেরই অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।

পারস্পরিক সংবেদনশীল বড় বিষয়গুলোর ক্ষেত্রে আগেভাগে যোগাযোগ করা, একে অপরের দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করা, সতর্কতার সাথে পদক্ষেপ নেয়া এবং বিশেষ করে একে অপরের ‘রেড লাইন’ বা সীমারেখাকে চ্যালেঞ্জ না করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি।

শি জিনপিং বলেন, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের একে অপরের অংশীদার ও বন্ধু হওয়া উচিত। তাদের মধ্যে কোনো সংঘাত বা মুখোমুখি অবস্থান তৈরি হওয়া কাম্য নয়; বরং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি বজায় রেখে ‘থুসিডাইডস ট্র্যাপ’ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী শক্তি হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে দৃঢ়ভাবে রক্ষা করা।

তিনি আরো বলেন, পারমাণবিক অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। পাশাপাশি সময়ের সাথে সাথে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ ধ্বংস করে ফেলা উচিত, যাতে বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা যায়।

শি ‘উইন-উইন’ বা উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতার ওপর জোর দেন। তিনটি দেশেরই উচিত অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য জোরদার করা এবং সম্পদ, উৎপাদন ও ভোগের ক্ষেত্রে নিজেদের শক্তিকে একত্রিত করা, যাতে সহযোগিতার পরিধি আরো বাড়ে এবং সবাই লাভবান হতে পারে।

চীনের প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই তিনটি দেশ নিজেদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে পারে। এই দেশগুলোর উচিত নিয়মিত উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখা, সব স্তরে আলোচনার পথ খোলা রাখা এবং সঙ্কটকালীন যোগাযোগ ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। 

তিনি আরো বলেন, সংঘাতরত পক্ষগুলোকে আলোচনার টেবিলে বসতে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উৎসাহিত করা উচিত। একইসাথে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধের নিষ্পত্তি করতে সহায়তা করা উচিত।

সূত্র : সিনহুয়া