
২০২৭ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যঁ-লুক মেলঁশোঁ।
শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত একটি বইয়ে তার নির্বাচনী অঙ্গীকারের বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে আনাদোলু অ্যাজেন্সি।
বইটির নাম ‘দ্য কমন ফিউচার’। এ বইয়ের নতুন সংস্করণে ফ্রান্সের বামপন্থী রাজনৈতিক দল ‘আনবোড ফ্রান্স’ (লা ফ্রঁস ইনসুমিজ—এলএফআই) এর এ নেতার আনুষ্ঠানিক নির্বাচনী কর্মসূচি তুলে ধরা হয়েছে।
বইটিতে প্রতিরক্ষা, ন্যাটো এবং ফিলিস্তিন ইস্যুসহ বিভিন্ন বিষয়ে প্রায় এক হাজার নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে।
নির্বাচনী কর্মসূচি অনুযায়ী, ক্ষমতায় গেলে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবেন মেলঁশোঁ। একইসাথে ন্যাটোর সমন্বিত সামরিক কমান্ড থেকে অবিলম্বে ফ্রান্সকে প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এছাড়া ১৯৬১ সালের ১৭ অক্টোবর প্যারিসে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়া শত শত আলজেরীয়কে ফরাসি পুলিশের হত্যার ঘটনাকে ‘রাষ্ট্রীয় অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন এ প্রেসিডেন্ট পদপ্রার্থী।
উল্লেখ্য, ২০২৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে জয়ী হলে এসব অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন মেলঁশোঁ।
সূত্র : মিডল ইস্ট মনিটর
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








