
হ্যালোইন উৎসবের দিন অর্থাৎ শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্সে পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানিয়েছেন, নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করা হবে। এর আওতায় গত সপ্তাহে চালু করা সাঁজোয়া যান ও জলকামানও ব্যবহার করা হতে পারে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে বেশ কিছু জায়গায় বড় ধরনের লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এক সংবাদ সম্মেলনে নুনেজ বলেন, ‘৩১ অক্টোবর জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অত্যন্ত উচ্চ ঝুঁকি রয়েছে।’
তিনি জানান, গত সপ্তাহের বিক্ষোভের মতোই এবারো প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম (আধা-সামরিক পুলিশ বাহিনী) সদস্যকে মোতায়েন করা হবে। তিনি এই পদক্ষেপকে একটি ‘ব্যতিক্রমী ব্যবস্থা’ হিসেবে অভিহিত করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার দেশজুড়ে বিক্ষোভে প্রায় চার লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।
যদিও শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, এই সংখ্যা প্রায় দ্বিগুণ। মন্ত্রণালয় জানিয়েছে, এর আগের সপ্তাহে দুই হাজার ৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছিল।
হ্যালোইনের সময় মুখ ঢেকে রাখার বিষয়ে সতর্কতা
‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন এবং ছাত্র ইউনিয়নগুলো শনিবার নতুন করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।
নুনেজ বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন, হ্যালোইনকে যেন কেউ ‘মুখ ঢেকে রাখার বৈধ অজুহাত’ হিসেবে ব্যবহার না করে। এর মাধ্যমে জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
তিনি সাংবাদিকদের জানান, বিক্ষোভ করার অনুমতি থাকবে, তবে শহরের কেন্দ্রস্থলগুলোতে নয়। কারণ সেখানে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে।
‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা ইতোমধ্যে হ্যালোইনের দিন তাদের বিক্ষোভের ‘তৃতীয় পর্ব’ ঘোষণা করেছে। পাশাপাশি জাতীয় পরিষদের সামনে এবং দেশের সব টাউন হলের বাইরে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








