
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
সুজন ফেনী জেলা শাখার সভাপতি অধ্যাপক রফিক রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার ও প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হক।
প্রফেসর তায়বুল হক বলেন, ‘দেশে বর্তমানে তীব্র অসন্তোষ বিরাজ করছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’
তিনি বলেন ‘স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক ফারাক। স্বপ্ন যখন ভেঙে যায়, তখন মানুষ আশাহত হয়। দেশের মানুষ সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। সেই আশা বা প্রত্যাশা পূরণ না হলে মানুষ ক্ষুব্ধ হয়। ক্ষোভ থেকে একপর্যায়ে মানুষ ক্রুদ্ধ হয়ে ওঠে। তখন সে বিবেকের পরিবর্তে আবেগ দ্বারা প্রভাবিত হয়।’
তিনি আরো বলেন, ‘আবেগ থেকে তৈরি হয় ২৪, আবেগ থেকে তৈরি হয় ৭১ ও আবেগ থেকে তৈরি হয় ৯০। মানুষ সরকারের কাছে দুইটি জিনিস আশা করে। একটি নিজের নিরাপত্তা, অন্যটি অর্থনীতি। বাংলাদেশে বর্তমানে দুইটি ক্ষেত্রেই প্রবল ঘাটতি রয়েছে। আমরা দেশে তীব্র অসন্তোষ দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য দেখতে পাচ্ছি, তাতে দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কায় আছি।’
সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
এছাড়া সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিপি মেজবাহ উদ্দিন খান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক।
এছাড়া বক্তব্য দেন সুজনের জেলা যুগ্ম সম্পাদক কবি ইকবাল চৌধুরী, পৌর কমিটির সভাপতি জাহিদ হোসেন বাবলু, সহ-সভাপতি সাইদুল মুক্তার মিল্লাত, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, সুজনের ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক কবির আহমদ নাসির, প্রাথমিক শিক্ষক নেতা মহিউদ্দিন খন্দকার, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নূর তানজিলা রহমান, এবি পার্টির নেত্রী জাহানারা বেগম, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুরউল্লাহ কায়সার, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল, সুজনের ছাগলনাইয়া উপজেলা কমিটির সভাপতি কামরুল হাসান লিটন, পিএফজির ইয়ুথ অ্যাম্বাসেডর মেহেদী হোসাইন, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন ফেনী সাহিত্য সভার সাধারণ সম্পাদক কবি শামীম মজুমদার, আবৃত্তিশিল্পী সৈয়দ আশরাফুল হক আরমান, অধিকারের ফোকালপার্সন নাজমুল হক শামীম এবং নিরাপদ সড়ক আন্দোলনের ফেনী জেলার সাবেক সভাপতি জিয়া উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক সমাজ ও জনকল্যাণমুখী রাজনীতি ছাড়া একটি দেশকে কখনো সমৃদ্ধ করা সম্ভব নয়। সমাজের সব পক্ষ সচেতন না হলে দেশের সামগ্রিক কার্যক্রম এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই দেশকে এগিয়ে নিতে সব নাগরিককে সচেতন করে তুলতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে সুজনের দুই যুগ পূর্তি উদযাপন করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








