মার্কিন ঘাঁটি
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে ‘বড় ঘটনা’ ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। রয়টার্স

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে ‘বড় ঘটনা’ ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। তবে ঘটনাটি ঠিক কী- সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

দেশটির পুলিশের কাউন্টার-টেরর বিভাগ এ ঘটনায় তদন্ত শুরু করেছে, এবং বিস্ফোরক দ্রব্যের ব্যবহার ঘটিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সন্দেহে ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

তবে, কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানঘাঁটির পাশের ওই এলাকাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং সেখানকার বাড়িঘর খালি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশ অভিযানটির নেতৃত্ব দিচ্ছে বলে জানা যাচ্ছে। তাদের বোমা নিষ্ক্রিয়কারী দলের বিশেষজ্ঞরা, বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম আরএএফ ফেয়ারফোর্ডের কাছের ওই ঘটনাটি সম্পর্কে খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছে তার দফতর।

দেশটির সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা জরুরি পরিষেবাগুলোর প্রতি কৃতজ্ঞ, যারা দ্রুত পদক্ষেপ নিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছেন এবং বাসিন্দাদেরকে নিরাপদ রাখতে ব্যবস্থা গ্রহণ করেছেন।’

ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ওই বিমানঘাঁটি ব্যবহার করে আসছেন মার্কিন সেনারা।

তারা ‘সতর্ক অবস্থায় রয়েছেন’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন মুখপাত্র।

সূত্র : বিবিসি