শ্রীপুরে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল
ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কলেজ শাখা শিবির। নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম আদিলের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কলেজ শাখা শিবির।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শ্রীপুর সরকারি কলেজ শাখা শিবিরের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়।

মিছিলটি কলেজ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলার ঘটনা সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এর আগে. রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির। 

সংগঠনটির দাবি, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে আরিফুল ইসলাম আদিলের ওপর হামলা চালায়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর ওপর পরিকল্পিত হামলা মেনে নেয়া যায় না। কোনো ধরনের উসকানি ছাড়াই কলেজ ক্যাম্পাসের ভেতর শিবির সভাপতি আদিলের ওপর হামলা চালানো হয়। তারা এ ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

হামলার অভিযোগের বিষয়ে ছাত্রদলের কলেজ শাখা সভাপতি নাজমুল বা ছাত্রদলের সংশ্লিষ্ট কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।