হামলা-ভাঙচুর
আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদরাসায় হামলা চালায় সন্ত্রাসীরা। নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ার শ্রীপুরে মাদরাসা ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মার্কেট দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় মাদরাসায় থাকা নগদ অর্থ, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদরাসা ও আশিয়া আশরাফ মহিলা মাদরাসায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শতাধিক ব্যক্তি হেলমেট পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মাদরাসার প্রধান ফটক দিয়ে প্রবেশ করেন। পরে তারা মাদরাসার বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়।

প্রতিষ্ঠানটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়া লিটন গাজী বলেন, ট্রাস্টের নিয়ন্ত্রণ নেয়ার উদ্দেশ্যে একটি পক্ষ মাদরাসায় হামলা চালিয়েছে। এ সময় ক্যাশে থাকা নগদ অর্থ, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলার, মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র, কম্পিউটার এবং কাচের সামগ্রী ভাঙচুর করা হয়েছে।

লিটন গাজীর অভিযোগ, হাসান, হুমায়ুন ও জাকিরের নেতৃত্বে মাদরাসায় হামলা ও লুটপাট চালানো হয়েছে। তিনি দাবি করেন, ট্রাস্টি বোর্ড নিয়ে আদালতে মামলা চলমান থাকায় এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তারা আদালতে যাওয়ার সুযোগে পুলিশকে দিয়ে ‘ভুয়া মামলা’ করিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মাদরাসাটির উপপরিচালক সৈয়দ সানজিদ বলেন, হামলাকারীরা মাদরাসায় ঢুকে ভাঙচুর ও লুটপাট করেছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, তিনি ঢাকায় একটি সভায় থাকায় ঘটনাস্থলে যেতে পারেননি। তবে দারুল ইহসান ট্রাস্টের আওতাধীন মাদরাসায় ঝামেলা বা সংঘর্ষের খবর তিনি পেয়েছেন। ট্রাস্টি বোর্ড নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেছে বলে তিনি শোনেননি।