
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক তদারকি অভিযান পরিচালনা করেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার হাটবোয়ালিয়া বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে বাজারের খাদ্যপণ্য, ওষুধ এবং বীজ ও কীটনাশকের দোকানগুলোতে সার্বিক তদারকি করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অপরাধে বিশ্বাস বীজ ভাণ্ডারের মালিক মো: বাবুল বিশ্বাসকে ২৫ হাজার টাকা, স্বাস্থ্য সনদ না থাকা এবং মিষ্টিতে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় জিয়া ফল ও মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মো: জিয়া উদ্দিনকে আট হাজার টাকা এবং একই অপরাধে সিরাজ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মো: সাহিবুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা বীজ প্রত্যয়ন অফিসার জনাব সালমা জাহান নিপা, নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মো: রিয়াজ মাহমুদ ও আনসার ব্যাটালিয়নের একটি দল সার্বিক সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।








