উদ্ধারকৃত লোহা ও পুরাতন ব্যাটারির স্ক্র্যাপসহ আটক সাত চোরাকারবারি
উদ্ধারকৃত লোহা ও পুরাতন ব্যাটারির স্ক্র্যাপসহ আটক সাত চোরাকারবারি। নয়া দিগন্ত

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমার থেকে অবৈধভাবে আনা দুই টন লোহার স্ক্র্যাপসহ সাত চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন সি-বিচ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের আনুমানিক দুই হাজার কেজি লোহার স্ক্র্যাপ ও ২০ হাজার কেজি পুরাতন ব্যাটারির স্ক্র্যাপসহ সাত চোরাকারবারিকে আটক করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমার থেকে ফিশিং বোটের মাধ্যমে স্ক্র্যাপগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। যা কার্গোবোটের মাধ্যমে কর্ণফুলি চ্যানেলে প্রবেশ করানো হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত আলামত, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটক চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।