সম্পাদকীয় লোগো
সম্পাদকীয় লোগো। নয়া দিগন্ত
ads

দেশে পানির উৎসগুলো মারাত্মক দূষণের শিকার। নিরাপদ পানি পাচ্ছেন না দেশের ৬৩ শতাংশ মানুষ। এর অর্থ হলো— নিরাপদ পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ। এই তথ্য থেকে এটি স্পষ্ট যে, স্বাধীনতার পর গত ৫৫ বছরেও আমাদের পক্ষে দেশবাসীর জন্য নিরাপদ পানির মতো প্রাথমিক চাহিদাও পূরণ করা সম্ভব হয়নি। 
কয়েক দিন আগে প্রকাশিত একটি গবেষণার তথ্য বলছে, মানুষ নিত্যদিনের প্রয়োজনে বাড়িঘরে যে পানি ব্যবহার করে তাতে কোলাইয়ের উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া পানির উৎসে ক্ষতিকর আর্সেনিকের মাত্রাও অত্যধিক, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার অনেক বেশি। 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণার রিপোর্ট প্রকাশ পায় গত অক্টোবরে। গবেষণায় দেশের পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি পরিস্থিতি এবং পানির গুণমান পরীক্ষা করা হয়। সেই গবেষণার রিপোর্টে নিরাপদ পানির প্রাপ্যতা নিয়ে এসব তথ্য উঠে আসে। বিষয়টি গভীর উদ্বগের। নিরাপদ পানির প্রাপ্যতা নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে।
রিপোর্টের তথ্য অনুযায়ী, বাড়িতে ব্যবহার্য পানিতে এবং পানির উৎস দুই ক্ষেত্রে ই-কোলাইয়ের উপস্থিতি ২০১৯ সালের তুলনায় অনেকটা বেড়েছে। শুধু তাই নয়, বর্তমানে পরিবারে ব্যবহারের পানি এবং পানির উৎস উভয় ক্ষেত্রে আর্সেনিকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় গ্রহণযোগ্য মানদণ্ডের সীমার চেয়ে বেশি। দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে। 
নিরাপদ পানি বলতে আনুষ্ঠানিকভাবে এমন পানি বোঝানো হয়, যা সরবরাহ করা হয় একটি সুষ্ঠু ও নিরাপদ ব্যবস্থাপনার মাধ্যমে। এই ব্যবস্থাপনায় নিশ্চিত করা হবে, যেন প্রতিটি পরিবারের পানির উৎস থাকে বাড়ির ভেতরে বা প্রাঙ্গণে। যেন প্রয়োজনে হাতের কাছে পানি পাওয়া যায়। পানি হতে হবে সবরকম দূষণমুক্ত।
এমন একটি পানি ব্যবস্থাপনা থেকে আমরা যে অনেক পিছিয়ে তাতে সন্দেহ নেই। অথচ আমাদের সামনে টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণের চ্যালেঞ্জ আছে। আছে মাঝারি আয়ের দেশে উত্তরণের লক্ষ্যও। এমন পরিস্থিতিতে প্রতিটি পরিবারের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা সবচেয়ে জরুরি। কারণ জনস্বাস্থ্য ভালো না হলে কোনো উন্নয়ন প্রয়াসই সাফল্য পাবে না। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকি মোকাবেলায় নিয়মিত পানির গুণমান পরীক্ষার পরামর্শ দেন। তবে তার আগে আমাদের পানি ব্যবস্থাপনার গলদ দূর করা দরকার।