
সাজেককে বলা হয় ‘মেঘের বাড়ি’। ওখানে গেলে মেঘ কেটে হাঁটা যায়। মেঘের চোখে দেখা যায় সুন্দর সবুজ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার এই জনপদে আছে বৈচিত্র্যময় জীবন। সব মিলে সাজেক এক আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। কিন্তু আঞ্চলিক সশ্রস্ত্র গোষ্ঠীগুলোর আধিপত্য, গোলাগুলি এবং অবরোধে সাজেক এখন পর্যটকশূন্য। সেখানে নেমে এসেছে সুনসান নীরবতা। এতে ক্ষতি হচ্ছে শত শত কোটি টাকা। ধস নেমেছে স্থানীয়দের অর্থনীতিতে।
গতকাল নয়া দিগন্তে সাজেক পরিস্থিতি নিয়ে একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশ হয়েছে। এতে উল্লেখ করা হয়, প্রায় দেড় মাস ধরে পর্যটন বন্ধ থাকায় কষ্টে আছেন স্থানীয়রা। তাদের অনেকের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন ছিল পর্যটন। এখন তাদের ঘরে চাল নেই, জ্বলছে না চুলা।
খবরে উঠে এসেছে, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাঁচ শতাধিক রিসোর্ট ও গেস্টহাউজ বন্ধ হয়ে গেছে। চলছে না যানবাহন। দোকানগুলোতে কেনাকাটা করতে আসছেন না ক্রেতারা। মৌসুমের শুরুতে পর্যটকদের জন্য মজুদ করা পণ্য নষ্ট হতে বসেছে। সব মিলিয়ে পাহাড়ের জীবনে এখন চরম অনিশ্চয়তা।
পর্যটনের এই অবস্থা হলেও সশস্ত্র ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর চাঁদাবাজি থেমে নেই। এক ব্যবসায়ীর অভিযোগ, প্রতি বছরের জন্য রিসোর্টের রুম-প্রতি দিতে হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা চাঁদা। আগের দেয়া চাঁদার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। জানুয়ারি থেকেই নতুন করে চাঁদা আদায় শুরু হবে।
স্থানীয় বাসিন্দা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় বছরে প্রায় দুই হাজার কোটি টাকা চাঁদা আদায় করে সন্ত্রাসীগোষ্ঠী জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ (মূল) সহ চারটি সংগঠন। এই গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে চাঁদা নিচ্ছে, আবার নিজেদের স্বার্থে দ্বন্দ্ব তৈরি করছে। এসব দ্বন্দ্বে দুই গ্রুপের মধ্যে প্রায়ই গোলাগুলি হয়। এলাকার নিয়ন্ত্রণ ও চাঁদার ভাগবাটোয়ারা নিয়েও সঙ্ঘাতের ঘটনা ঘটছে। পাশাপাশি অপহরণ, মাদক কারবার নিয়ন্ত্রণ করে তারা। সেই সাথে সরকারি উন্নয়ন কাজেও বাধা দেয়। জোর করে অপ্রাপ্তবয়স্কদের দলে ভেড়ানোর মতো গুরুতর অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। এসব অপকর্মে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করা হয় দেশের বাইরে থেকে। এই গোষ্ঠীগুলোর হাতে ভারী অস্ত্র তুলে দেয়া হয়। চাঁদার টাকায় বেতনভুক ক্যাডার পোষা হয়। পোষা হয় অনলাইন অপপ্রচারকারী। বিদেশী এসব সহায়তা রোধ করা গেলে গোষ্ঠীগুলো টিকে থাকবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য।
পাহাড়ে আধিপত্যের লড়াই ও চাঁদাবাজির এই সংস্কৃতি দীর্ঘদিনের। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি বা অপহরণের শিকার হওয়ার বহু ঘটনা ঘটেছে। কিন্তু এখন সেখানে না খেয়ে দিন কাটাতে হচ্ছে অনেককে। এর মধ্যেও এই জুলুম চলতে থাকলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন আসে।
গত অক্টোবরে উজোবাজারে আটকে পড়া দুই হাজারের বেশি পর্যটককে উদ্ধার তৎপরতা প্রশংসনীয় ছিল। গোলাগুলির মধ্যেই পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসে সেনাবাহিনী। কিন্তু কেবল তাৎক্ষণিক উদ্ধার বা সাময়িক তৎপরতায় দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান হয় না। সড়ক অবরোধ প্রত্যাহার, সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া জরুরি। একই সাথে দীর্ঘদিন কর্মহীন ও ক্ষতিগ্রস্ত স্থানীয় পরিবারগুলোর জন্য জরুরি খাবার ও মানবিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন, যাতে ক্ষুধা ও হতাশায় কাউকে চরম কোনো পথ বেছে নিতে না হয়। পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এর জন্য সরকার ও সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলে আমরা আশা করি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









