ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের
ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের। সংগৃহীত
ads

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ দক্ষিণ আফ্রিকাকে ঢাকায় একটি আবাসিক মিশন খোলার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এর উদ্দেশ্য হলো রাজনৈতিক সম্পৃক্ততা জোরদার করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ করা এবং কনস্যুলার সেবাকে আরো সহজতর করা।

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক অনিল সুকলাল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

দক্ষিণ আফ্রিকার সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বাংলাদেশী ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান।

উভয়পক্ষই দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিপুল অব্যবহৃত সম্ভাবনার কথা উল্লেখ করে।

প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানান। একইসাথে, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান। বাসস